লা লিগায় শনিবার রাতে জিরোনার মাঠে হেরেছে বার্সেলোনা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বার্সা। পরে ১০ মিনিটের মধ্যে তিন গোল হজম করে কাতালানরা। শেষ পর্যন্ত ম্যাচটি তারা হারে ৪-২ গোলে।
নিজেদের এমন পরাজয়ের সঙ্গে রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসবের যন্ত্রণাও সইতে হয় জাভিদের। বার্সেলোনার এই হারের কারণে চার ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয় রিয়ালের ৩৬তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হওয়া।
মৌসুমের শেষ দিকে এসে দলের এমন পারফরম্যান্স হতাশ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে জাভি বলেন, 'আমি সত্যিই হতাশ, কারণ একই ম্যাচে মুদ্রার দুই পিঠ দেখেছি আমরা। প্রথমার্ধ নিয়ে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। ৬০ মিনিট পর্যন্ত আমরা তখন চাপ তৈরি করেছি এবং জিরোনার ওপর দাপট দেখিয়েছি। ফিনিশিংয়ে ভুগেছি আমরা। এরপর যা হয়েছে, সেটি বলা যায় আমাদের গোটা মৌসুমের সারাংশ।'
সুযোগ কাজে লাগাতে না পারায় আক্ষেপ করলেন বার্সেলোনা কোচ। 'আমরা যথেষ্ট কার্যকর ও নিখুঁত ছিলাম। গোলমুখে আমাদের আরও কার্যকর হওয়া জরুরি ছিল। একের পর এক ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের।'
এবার জিরোনার সঙ্গে লিগে দুই দেখাতেই হেরেছে বার্সেলোনা। দুই ম্যাচেই চারটি করে গোল হজম করে কাতালান ক্লাবটি। এছাড়া রিয়ালের সঙ্গেও দুই দেখাতেই হেরেছে তারা। বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে।
তবে জাভি মনে করেন তার দল হারলেও সেই চার ম্যাচে ভালো খেলেছে। 'দলের এই পারফরম্যান্সে আমি নিজেই ক্ষুব্ধ, সমর্থকদের অবস্থাও বুঝতে পারছি। আমাদের ওপরে থাকা দুই দল, মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে চারটি ম্যাচেই আমরা ওদের চেয়ে ভালো খেলেছি। কিন্তু স্কোরলাইনে সেটির প্রতিফলন পড়েনি। চারটি ম্যাচই আমরা হেরেছি।'
এই মৌসুম ট্রফি ছাড়াই কাটাতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগায় তাদের দ্বিতীয় হওয়াটাও এখন নিশ্চিত নয়। শেষ চার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, আলমেরিয়া, রায়ো ভায়োকানো ও সেভিয়া।
