রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেলটির আরোহী ইমাম হাসান (১৯)।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে সাফিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলি বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র সাফিন। বাবার নাম আব্দুর রশিদ।
তিনি জানান, নিজের মোটরসাইকেল নিয়ে সাফিন রাতে তার বন্ধু ইমামকে সাথে নিয়ে পূর্বাচল ৩শ ফিটের রাস্তায় ঘুরতে এসেছিলেন। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে আবার বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঠিক তখন বৃষ্টি হচ্ছিল। বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফিন। তখন দুজনে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় দেখতে পেয়ে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাদেরকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমাম চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিনের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করছে। তবে নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় তারা বিনা ময়নাতদন্তে মরদেহটি নিয়ে যাওয়ার অনুরোধ করছেন।
