কাল থেকে শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:১৯ পিএম

আগামী তিনদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা করে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে।

রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সোমবার থেকে বুধবার রাত পর্যন্ত ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে উড়োজাহাজ ওঠানামা। এই তথ্যটি নিশ্চিত করেছে সিভিল অ্যাভিয়েশন।

সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে ব্যবস্থাপনা। এ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম করা হয়। এজন্য আগামীকাল ৬ মে থেকে ৮ মে পর্যন্ত তিনদিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট শিডিউল পরিবর্তন করতে বলা হয়েছে। তাদের এ তিনদিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত