কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ওই তিনজনের বিষয়ে তথ্য জানার জন্য অপেক্ষা করবে ভারত। গতকাল রবিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার কানাডা পুলিশ নিজ্জর হত্যার ঘটনায় তিন ভারতীয়কে আটক করেছে এবং ভারত সরকারের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে। এ বিষয়ে জয়শঙ্কর বলেন, তিনি গ্রেপ্তারের খবর দেখেছেন। তিনি বলেন, সন্দেহভাজন ভারতীয়রা আপাতদৃষ্টিতে কোনো গ্যাং ব্যাকগ্রাউন্ডের হতে পারে। পুলিশ আমাদের কী জানায় সেজন্য অপেক্ষা করতে হবে।
জয়শঙ্কর বলেন, তবে আমি যেমনটা বলেছি, আমাদের উদ্বেগের বিষয় যা আমরা তাদের বলে আসছি তা হলো, তারা ভারত থেকে বিশেষ করে পাঞ্জাব থেকে সংঘটিত অপরাধ তারা কানাডায় করার অনুমতি দিয়েছে।
কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মা বলেছেন, গ্রেপ্তার হওয়া তিন ভারতীয়ের বিষয়ে কানাডা কর্র্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত আপডেট পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
