রাফাহ থেকে ফিলিস্তিনিদের দ্রুত সরার নির্দেশ, আক্রমণ চালাবে ইসরায়েল

  • রাফায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরিয়ে নিচ্ছে আইডিএফ
  • নিরাপদে সরে যাওয়ার জন্য একদিন সময় বেঁধে দিয়েছে আইডিএফ
আপডেট : ০৬ মে ২০২৪, ০১:৪২ পিএম

অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে ইসরায়েল। এবার সম্ভাব্য এই অভিযানের আগে রাফাহর পূর্ব অংশ থেকে প্রায় এক লাখ বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

রাফায় অবস্থানরত এসব ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর সিএনএন ও আল জাজিরা।

রাফাহতে হামলা ‘আসন্ন’ জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের ঘোষণার একদিন পরই এ নির্দেশ এল দেশটির সামরিক বাহিনীর কাছ থেকে।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, সোমবার সকালে আইডিএফ ঘোষণা করেছে যে- তারা পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদেরকে একটি নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরিয়ে নেয়া শুরু করেছে। এই মানবিক অঞ্চলটি আল-মাওয়াসি, খান ইউনিস ও মধ্য গাজার কিছু অংশে গঠিত হয়েছে।

নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সরবরাহের বর্ধিত ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে।

আইডিএফ দেশটির সরকারের সিদ্ধান্ত অনুসারে, বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে থাকা জনসংখ্যাকে রাফাহর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, বেসামরিক লোকেরা সরে যাওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নিরাপদে সরে যাওয়ার জন্য একদিন সময় বেঁধে দিয়েছে আইডিএফ।

মূলত গাজার কেরাম শালোম সীমান্ত ক্রসিং ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলার পরপরই এ সিদ্ধান্ত জানালো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

অন্যদিকে রবিবার রাত থেকে রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পৃথক দুটি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে এবং নিহতদের মধ্যে অনেকেই শিশু। হামলায় নিহতদের মধ্যে দুটি পরিবারের ৮ জন ও ৯ জন রয়েছেন বলে জানা গেছে।

ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও হামাসকে নির্মূল করতে রাফাহ আক্রমণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত