ইসরায়েলে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা বন্ধ করায় সমালোচনা করেছে জার্মানি। সোমবার (০৬ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, মুক্ত এবং বৈচিত্র্যময় প্রেস যে কোনো উদার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসরায়েলের এই পদক্ষেপটি ভুল বার্তা দিচ্ছে। খবর আল আরাবিয়ার।
ইসরায়েলের এক কর্মকর্তা ও আল জাজিরার একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রবিবার আল জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের একটি হোটেল কক্ষে অভিযান চালায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের কর্মকর্তারা আল জাজিরার সরঞ্জাম ভেঙে ফেলছেন।
গাজায় সাত মাস ধরে চলা সহিংসতায় আল জাজিরার ভূমিকাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে তেল আবিব। ফলে সাময়িকভাবে আল জাজিরা বন্ধের অনুমতি দিয়ে ইসরায়েলের সংসদ একটি আইন পাস করে এবং রবিবার (০৫ মে) এর ওপর মন্ত্রিসভায় ভোট হয়।
এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমার নেতৃত্বাধীন সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলে উসকানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে।
ইসরায়েলে বন্ধ আল জাজিরা, সরঞ্জাম জব্দের নির্দেশ