পিএসজির স্বপ্নভঙ্গের দায় নিজের কাঁধেই নিলেন এমবাপ্পে

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:২৯ এএম

বড় ম্যাচে সব নজর থাকে দলের তারকা খেলোয়াড়ের দিকে। গতকাল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে পিএসজি। এই হারে আবারও ভেঙেছে পিএসজির চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলার স্বপ্ন। মন ভেঙেছে কিলিয়ান এমবাপ্পেরও।

 দুই লেগ মিলিয়ে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা বলেছেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু যথেষ্ট করতে পারিনি। যখন প্রতিপক্ষ বক্সের ভেতরে কার্যকরী কিছু করার কথা উঠবে, আমার কথাই আসবে, আমিই সে লোক যার গোল করা উচিত, ম্যাচে পার্থক্য গড়া উচিত। যখন সবকিছু ভালো থাকে, সব আলো আমার ওপরই থাকে, যখন দিন খারাপ যায় দায়টাও আপনার আপনাকে নিতে হবে। এটা কোনো সমস্যা নয়।’

এই স্ট্রাইকারের মতে, জয়ের জন্য যথেষ্ট কিছু করতে পারেনি পিএসজি, ‘জানি না, তারা আমাদের চেয়ে ভালো ছিল কি না। তাদের হেয় করার দরকার নেই। আমার মতে, বক্সে তারা আমাদের চেয়ে ভালো ছিল। তারা এক-দুবার বক্সে এসেছে, গোল করেছে। আমরা ওদের পাশে অনেকবারই গিয়েছি, তবে গোল করতে পারিনি। এটাই সত্য। দুর্ভাগা নাকি, সে বিষয়ে কথা বলতে আমি পছন্দ করি না। সবকিছু ভালো থাকলে পোস্টে লাগে না, গোল হয়ে যায়। আমরা আজ যথেষ্ট ছিলাম না, বিশেষ করে আক্রমণভাগে খেলা ফুটবলাররা।’

প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারের পরও ফাইনালে ওঠার আশা ছিল লুই এনরিকের দলের। সেটা হয়নি। পিএসজি কোচ লুই এনরিকে ডর্টমুন্ডকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না দুই লেগের কোনোটিতেই ম্যাচেই আমরা ওদের চেয়ে বাজে ছিলাম। তবে ফলটাই সব। তাদের অভিনন্দন জানাই, ফাইনালের জন্য শুভকামনা। আমাদের কথা যদি বলি, এত বড় ধাক্কা আমাদের কাটিয়ে উঠতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত