সম্প্রতি এসিআই লিমিটেড সাব্বির হাসান নাসিরকে পদোন্নতিসহ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগদান করেছেন । ২৮ বছরের বেশি সময় ধরে সাব্বির নাসির বহুজাতিক ও দেশীয় কর্পোরেটে এক উল্লেখযোগ্য নাম। সিইওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে কাজ করেছেন।
১৯৯৬ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে ডিগ্রি অর্জনের পর সাব্বির নাসির বাটা সু লিমিটেডে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাটাতে কাজ করার সময় আইবিএ থেকে তার এমবিএ অর্জন করেন এবং পরবর্তীতে অ্যাঙ্গোলায় গলফ্রেট এইচএন্ডপিসি লিমিটেডে কাজ করতে যান, যেখানে তিনি অ্যাঙ্গোলার বাজারে ইউনিলিভারের উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান করেন।
সাব্বির নাসির টেট্রাপ্যাক সাউথ ইস্ট এশিয়া প্রাইভেট লিমিটেডেও কাজ করেছেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল অবধি অটবির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।সাব্বির নাসির ২০১২ সালে এসিআই-এর স্বপ্ন-এর নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন এবং তাঁর নেতৃত্বে স্বপ্ন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে। এসিআই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা স্বপ্ন-তে দৃষ্টান্তমূলক এমন নেতৃত্বের জন্য জনাব সাব্বির নাসিরের প্রশংসা করেছেন।
বহু একাডেমিক কৃতিত্বের পাশাপাশি সাব্বির নাসির বুয়েট, আইবিএ, এমআইটি স্লোন স্কুল অফ ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-র একজন সম্মানিত অ্যালামনাই মেম্বার।স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাব্বির হাসান নাসিরকে তাঁর নতুন পদে অভিনন্দন জানাই এবং তাঁর কর্মজীবনে তাঁর সাফল্য অব্যাহত কামনা করছি।
