রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:২১ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধা থেকে বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা রঞ্জু শেখ জানান, গতকাল সন্ধা পর্যন্ত এখানে কোনো লাশ ছিলো না। তবে আজ সকালে একজন বয়স্ক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তার ভাষ্য, ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে এ ঘটনা ঘটতে পারে। 

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরন্নবী জানান, খবর পেয়ে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধেক বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৫০ বছর। তার ভাষ্য, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম জানান ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তেরর জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত