ম্যানইউতে আসার গুঞ্জনে হাওয়া দিলেন টুখেল নিজেই

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:১৩ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের কোচিং অধ্যায় শেষ হতে চলেছে। এরই মাঝে গুঞ্জন ওঠে টেন হাগের জায়গায় টমাস টুখেলকে পেতে যোগাযোগ শুরু করেছে ম্যানইউ। বায়ার্ন মিউনিখে যে টুখেল থাকছেন না তা এমনিতেই নিশ্চিত ছিল। এবার টুখেলের কথায় তা আরও জোরদার হলো। সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জনেও হাওয়া দিয়েছেন টুখেল।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে দ্বিতীয় লেগে হেরে বাদ পড়তে হয়েছে টুখেলের বায়ার্নকে। সামনের মৌসুমে তাকে কোথায় দেখা যাবে সে ব্যাপারে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে টুখেল বলেছেন, ‘খুব, খুব, খুব সম্ভাবনা বায়ার্নে না থাকার। আমাদের একটি চুক্তি হয়েছে এবং এই মুহুর্তে সেটাই সত্যি। আর এ নিয়ে আমারও কোনো দ্বিমত নেই।’

টুখেল যোগ করেন, ‘এমনও হতে পারে আমি পরের মৌসুমটা ছুটি কাটাচ্ছি।’ ইংলিশ লিগে ফেরা নিয়ে টুখেল বলেন, ‘এটা কোনো গোপন কথা নয় যে আমি চেলসির সময়টুকু খুব উপভোগ করেছি। আমি ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগ খুব ভালোবাসি। ওই সময়গুলো আমার জন্য খুব বিশেষ এবং সবসময় তা আমার মনে থাকবে।’

চেলসির কোচ থাকাবস্থায় ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন টুখেল। বুন্দেসলিগায় ব্যর্থতার পর রিয়ালের কাছে সেমিফাইনালে হেরে শিরোপা শূন্য মৌসুম কাটাতে হয়েছে টুখেলকে। টেন হাগের অধীনে ম্যানইউও কাটিয়েছে দুঃসহ সময়। তাই বায়ার্ন অধ্যায় শেষে টুখেলকে পুনরায় প্রিমিয়ার লিগের ডাগআউটে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত