ভয়কে জয় করেই আমরা রাজপথে নেমেছি: সালাম

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৪০ পিএম

প্রধানমন্ত্রীর দোসররা ব্যাংক লুট করছেন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, এক দরবেশ ব্যাংক লোন নিয়ে ব্যাংক খালি করেছেন। তাদের ধরা হচ্ছে না। ধরা হচ্ছে গণতন্ত্রকামী জনতাকে। দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না, ভুয়া মামলা দায়ের করে সাজা দেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিশ্ব মা দিবসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

সালাম বলেন, একসময় প্রধানমন্ত্রী নিজেই বলবেন আমি তো পুলিশকে গুলি করার কথা বলিনি, গ্রেপ্তার করার নির্দেশ দেইনি। প্রধানমন্ত্রীকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পান। আজকে সাবেক আইজিপি সরকারের প্রশ্রয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। আজ সব ফাঁস হচ্ছে। প্রধানমন্ত্রী আইজিপিকে নিয়ে কিছু বলছেন? বলেননি। বলবেন না।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেন তারেক রহমান কেন দেশে আসেন না। আপনার বাবার মৃত্যুর পর কেন আপনারা বাবার মৃতদেহ দেখতে আসলেন না। আপনি তো তারেক রহমানের পাসপোর্টও কেড়ে নিয়েছেন। আপনার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়নি, তাহলে কেন আসলেন না?

তিনি বলেন, এখন ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া না। কারণ কত হাজার কোটি টাকা লুট হয়েছে সব তথ্য বের হয়ে যাবে। আজকে সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। সবাইকে জেলে নিয়েছে সরকার। আমরা জেলকে ভয় পাই না। ভয় ভেঙে গেছে। ভয়কে জয় করে আমরা রাজপথে নেমেছি। চলমান আন্দোলনের মাধ্যমেই ভেসে যাবে সকল অন্যায় সকল অবিচার বলেও তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত