যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ বিমানসেনা নিহত

আপডেট : ১১ মে ২০২৪, ১২:২৫ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ বৃহস্পতিবার একটি বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, দেশটির বিমানবাহিনীর একজন সদস্যকে তারই বাড়িতে গুলি করছেন একজন ডেপুটি শেরিফ। বিবিসি জানায়, ৩ মে গুলির ওই ঘটনা ঘটে। যাতে নিহত হন ২৩ বছর বয়সী জ্যেষ্ঠ বিমানসেনা রজার ফোর্টসন। গুলিবিদ্ধ অবস্থায় ফোর্টসনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

ফোর্টসনের পরিবারের পক্ষের একজন আইনজীবী এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বৃহস্পতিবার বলেছেন, পুলিশ ভুল বাড়িতে অভিযান চালিয়েছিল; যা অস্বীকার করে পুলিশ বলেছে, তাদের ডেপুটি শেরিফ আত্মরক্ষার খাতিরে গুলি চালিয়েছে। ফোর্টসনের কাছে একটি বন্দুক ছিল এবং পুলিশ দেখে তিনি সেটি বের করেছিলেন।

ফ্লোরিডায় ফোর্টসনের অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হলবার্ট ফিল্ড বিমানঘাঁটি থেকে ৮ কিলোমিটার দূরে। ফোর্টসন হলবার্ট ফিল্ডের স্পেশাল অপারশন্স উইংয়ে দায়িত্বরত ছিলেন। ২০১৯ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যোগ দেন তিনি। যে ডেপুটি শেরিফ তাকে গুলি করেছেন, তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার পর থেকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত