রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকা-ের মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। সেই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
অন্যদিকে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৭ মে রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। ৮ মে সোহেল সিরাজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত ২৯ ফেব্রুয়ারি রাতে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট। অগ্নিকা-ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে। ঘটনার পরপরই সোহেল সিরাজ দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। তিনিসহ এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
