মনোজ বাজপেয়ীকে ‘পর্ন তারকা’ বলে সম্বোধন! 

আপডেট : ১২ মে ২০২৪, ০২:৪৯ পিএম

বর্তমানে ক্যারিয়ারের মধ্যগগনে অবস্থান করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। এই মুহূর্তে তার আসন্ন সিনেমার ‘ভাইয়া জি’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তার অভিনয় দর্শক ও সমালোচক, দুই মহলেই প্রশংসিত। কিন্তু এক সময়ে বিস্তর নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব স্মৃতিই প্রকাশ্যে আনলেন মনোজ।

‘জুবেইদা’ (২০০১) ছবিতে ‘মহারাজা’ চরিত্রে অভিনয় করার সময়ে চেহারা নিয়ে নানা রকম কটাক্ষের শিকার হয়েছিলেন মনোজ। অভিনেতা বলছেন, ‘কয়েক জন সমালোচক লিখেছিলেন, ‘ওর অভিনয় ভাল। কিন্তু চেহারায় একদমই মানায়নি। ও দেখতে রাজকুমারের মতো নয়।’ আমি এদের খুবই প্রগতিশীল ও উদার ভাবতাম। কিন্তু এরা খুবই বর্ণবিদ্বেষী ছিলেন। তার পরে আমি আমার কয়েক জন বন্ধুকে ছবিটি দেখিয়েছিলাম। ওদের জিজ্ঞাসা করেছিলাম, ‘আমার বিষয়টি কীভাবে গ্রহণ করা উচিত?’ তারা বিষয়টিকে গুরুত্ব দিতে বারণ করে। আজ যখন সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, অনেকেই ‘জুবেইদা’-তে আমার অভিনয়ের প্রশংসা করছিলেন।’

শুধু তাই নয়, এক সময় মনোজকে নীল ছবির তারকা হিসেবেও সম্বোধন করা হয়েছে। এই ঘটনা নিয়েও আক্ষেপ করে অভিনেতা বলছেন, ‘আমি সাধারণত সমালোচনার কোনও উত্তর দিই না। আমার কাছে সংবাদপত্রের এমন কিছু অংশ রয়েছে, যেখানে আমার প্রতি নিষ্ঠুর, ক্ষতিকর ও বর্ণবিদ্বেষী শব্দ ব্যবহার করা হয়েছে। আমি ‘ফারেহ্‌’(২০০৫) নামে একটি ছবিতে কাজ করেছিলাম। কিন্তু, ছবিটি ভাল চলেনি। তখন কেউ লিখেছিল, ‘এবার ‘সত্য’(১৯৯৮) ছবির ‘ভিখু মাত্রে’ পর্ন তারকা হয়ে গেছে’। এটা শুনে খুব আঘাত লেগেছিল। এত নোংরা কথা লেখার কারও অধিকার নেই। ছবি নিয়ে কথা বলুন। আমি কেমন কাজ করলাম, সেটা বলুন। আমি এমন কিছুই করিনি, যার জন্য এটা আমায় শুনতে হবে। তার পর থেকে আমি যা যা কাজ করেছি সেগুলোই আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে।’

প্রসঙ্গত, ‘ভাইয়া জি’ মনোজের ১০০তম ছবি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ মে। মনোজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোরাম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত