১৯’র মতো আবারও কি দুর্ভাগ্যের শিকার হবেন তাসকিন!

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:২০ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে মাঠে নামেননি তাসকিন। প্রথমে মনে হয়েছিল টানা চার ম্যাচ খেলার পর বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসারকে। তবে পরে জানা যায়, পুরনো সমস্যা সাইড স্ট্রেইন দেখা দিয়েছে তাসকিনের। চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় এ চোট পান তিনি। ইনজুরির ছোবলে ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন।

স্ক্যান করানো হয়েছে তার। শঙ্কা রয়েছে বিশ্বকাপ সফরেও না থাকার। তবে সবকিছুই নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। যা পাওয়া যাবে কাল। কাল সোমবার সেই রিপোর্টের পরেই হতে পারে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ দল ঘোষণার। কেননা বুধবার রওনা দেওয়ার কথা রয়েছে দলের।

তাসকিনকে নিয়ে শঙ্কিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আজকেই আমরা খোঁজ নিয়েছি, ওর একটা ইনজুরি আছে। কালকে সকালে রিপোর্ট পাওয়ার পর দেখতে হবে যে, কতদিন ওর লাগতে পারে (ফিট হতে)। দ্রুত ওকে সারিয়ে তোলার সুযোগ আছে কি না। নরম্যালি তো দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব, এটাকে দ্রুত করার কোনো উপায় আছে কি না… দরকার হলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব।‘

তাসকিনের ভবিষ্যত নিয়ে পাপন জানান, ‘যদি দ্রুত সারিয়ে তোলা যায়, তাহলে এক ব্যাপার, আর যদি দেখা যায় যে আসলেই দেরি হবে, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। কালকে অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।’

চোটে পড়ার আগে প্রথম চার ম্যাচে অসাধারণ বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ সিরিজসেরা হয়েছেন তাসকিন। চার ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন ৯.১২ গড় ও ওভারপ্রতি কেবল ৪.৫৬ রান দিয়ে। গত এক বছরে এই সংস্করণে বাংলাদেশের সফলতম বোলারও তিনিই। বিশ্বকাপে তাসকিনের না থাকা দলকে ভোগাবে নিঃসন্দেহে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত