নিয়মবহির্ভূত বালু ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:৪৭ পিএম

নিয়ম না মেনে সড়কের পাশে সরকারি জমিতে বালুর স্তুপ রেখে ব্যবসা করায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ মে) বেলা ১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় স্তুপে থাকা ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু ও বালু তোলার কাজে ব্যবহৃত দুইটি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে এলবি এন্টারপ্রাইজের মালিক প্রজ্ঞা জ্যোতি বড়ুয়াকে ১ লাখ টাকা,ফতে আলী শাহ্ এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলামকে ১ লাখ টাকা ও সরওয়ার করপোরেশনের ব্যবস্থাপক মোহাম্মদ করিমকে ১ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। তিনি বলেন, সরকারি নিয়ম ও আইন না মেনে ভেল্লাপাড়া সেতু এলাকায় সড়কের পাশে সরকারি জমিতে বালুর স্তুপ রেখে ব্যবসা করছিল কতিপয় অসাধু ব্যবসায়ীরা। যা বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইনে অপরাধ। এ কারণে এলাকার চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসহ জনগণের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত বালু ও এস্কেভেটর দুইটি স্থানীয় ইউপি সদস্য মো.আসাদুজ্জামানের জিম্মায় রাখা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত