বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা

আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:৩০ পিএম

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ঘোষিত ফলাফলে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গতকাল রবিবার ঘোষিত ফলাফলে দেখা গেছে পরীক্ষায় অংশ নিয়ে ৫১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অথচ গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় এসব ৫১ প্রতিষ্ঠানের ৩৭০ শিক্ষার্থী অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ঢাকা বোর্ড থেকে ৩টি, রাজশাহী থেকে দুটি ও দিনাজপুর থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এসএসসিতে উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৪২টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।

এবার নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন এবং ৪২টি মাদ্রাসা থেকে ৩১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের একজনও উত্তীর্ণ না হওয়ায় প্রশ্ন উঠেছে শিক্ষকদের পাঠদান নিয়ে।

এবার পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ২ হাজার ৯৬৮টি প্রতিষ্ঠানে। আর শতভাগ ফেল করেছে ৫১টি প্রতিষ্ঠানে।

গত রবিবার ফল ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অনেকগুলো প্রতিষ্ঠানে খুব কম সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যে কারণে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা কেন্দ্র থাকা উচিত কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবে সমীচীন নয়। এতে শিক্ষক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি পিছিয়ে যায়, সেগুলোকে এগিয়ে নিতে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত