বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় মোটর সাইকেল সমথর্ক আলিমের মৃত্যু, আটক ৩

আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

সিরাজগঞ্জে  বেলকুচি উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে আহত আব্দুল আলিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাঁন মিয়া, আবুল ও রাশেল নামে তিন জনকে আটক করেছে পুলিশ। 

গত ৮ মে ফলাফল ঘোষণার আগেই রাত সাড়ে ৭টার দিকে মোটর সাইকেল প্রতীকের সমথর্ক আব্দুল আলীমকে কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে দোয়াত কলমের সমর্থকরা। নিহত আব্দুল আলিম (৫০) কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার হায়দার আলীর ছেলে। 

আব্দুল আলীমের অবস্থা অবনতি হলে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয। পরে অবস্থার অবনতি হলে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রবিবার (১২ মে) রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, আব্দুল আলীম মোটর সাইকেল প্রতীকের নির্বাচন করতো। আরেক চাচাতো ভাই চাঁন মিয়া করত দোয়াত কলম প্রতীকের সমর্থক। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচনে যে প্রতিহিংসার জন্য নিজের আপন চাচাতো ভাইকে এমনভাবে মারধর করে মেরে ফেলবে কে জানত। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এলাকাবাসী জানায়, চাঁন মিয়া একজন সন্ত্রাসী, তার অত্যাচারে অতিষ্ট আমাদের গ্রামের মানুষ। তাকে কোন ভাবেই থামানো যেত না। তার বিরুদ্ধে অভিযোগ দিতে গেলেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মেরে ফেলার হুমকি দিত। সে গ্রামের মধ্য জুয়ার আসর চালিয়েও আমাদের এলাকাটা একেবারে শেষ করে দিল। আমরা কোথায় গেলে বিচার পাবো। আমরা তার বিচার চাই।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, নির্বাচনের দিন এশার নামাজের আগে চাচাতো ভাইদের মধ্যে নির্বাচনি ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে আলিম আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত