মেয়েকে ধর্ষণের ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করেন মা

আপডেট : ১৪ মে ২০২৪, ১২:১৩ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আজ মঙ্গলবার (১৪ মে) টঙ্গীবাড়ি থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গীবাড়ি উপজেলার খলাগাঁও গ্রামে। আটক দুজন বন্ধু। তারা উপজেলার খলাগাঁও গ্রামের জিহাদ বেপারী (১৯) ও উত্তর হাসাইল গ্রামের সিয়াম খালাশী (১৮)।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, গেল ঈদুল ফিতরের চতুর্থ দিনে সন্ধ্যার দিকে উপজেলার পাঁচগাঁও ওয়াহিদ আলী দেওয়ান আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে খলাগাঁও গ্রামের একটি সরিষা ভাঙার মিলে নিয়ে যায় দুই বন্ধু জিহাদ ও সিয়াম। সেখানে জিহাদ ওই ছাত্রীকে ধর্ষণ করলে তার বন্ধু সিয়াম তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। সম্প্রতি সিয়াম মোবাইল ফোনে ধারণ করা ধর্ষণের ওই ভিডিও ডিভাইসের মাধ্যমে অন্য আরেকটি মোবাইল ফোনে হস্তান্তর করা হয়। এরপর ওই ভিডিও ধর্ষণের শিকার ছাত্রীর মায়ের নজরে আসে। গত রবিবার ছাত্রীর টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন মা। পরে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইল ফোন জব্দ করা হয়।

ওসি আরও জানান, জব্দ করা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে মামলা করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত