ফেড. কাপ : আরেকটি বসুন্ধরা-মোহামেডান ফাইনাল

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:০৭ পিএম

এই মৌসুমের পর আবাহনীকে আর বসুন্ধরা কিংসের প্রবল প্রতিপক্ষ বলা ঠিক হবে না। চলতি মৌসুমে চার সাক্ষাতেই আবাহনীকে হেসে খেলে হারিয়েছে বসুন্ধরা। মঙ্গলবার গোপালগঞ্জে ফেডারেশন কাপের সেমিফাইনালটা ৩-০ ব্যবধানে জিতে ট্রেবল শিরোপার আরও কাছে পৌঁছে গেছে তিনদিন আগেই টানা পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা। ট্রেবল জিততে ২২ মে ময়মনসিংহে ফাইনালে তাদের হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানকে।

এই মৌসুমে আবাহনী নয়, বরং মোহামেডানকেই বসুন্ধরার অন্যতম প্রতিপক্ষ বলা যেতে পারে। মৌসুম শুরুর স্বাধীনতা কাপের ফাইনালে সাদা-কালোদের হারায় বসুন্ধরা। সেই হারের প্রতিশোধ অবশ্য লিগের প্রথমপর্বে নেয় আলফাজ আহমেদের দল। কিংস অ্যারেনায় স্বাগতিকদের ১-০ তে হারায় তারা। তবে গত শনিবার এই মোহামেডানকেই শিরোপা রেস থেকে ছিটকে দিয়ে লিগ শিরোপা নিজেদের কাছে রাখা নিশ্চিত করে বসুন্ধরা। এবার ফেড কাপটা ঘরে তুলতে পারলে বসুন্ধরা ভাগ বসাবে শেখ রাসেল ক্রীড়া চক্রের ২০১৩-১৪ মৌসুমে ট্রেবল জয়ের অনন্য রেকর্ডে।

গোল করছেন ইব্রাহীম। ছবি: বাফুফে

মঙ্গলবার শুরুটা আবাহনী তোড়জোড় করে করলেও ২০ মিনিটে গোলকিপার শহীদুল আলম সোহেলের ব্যর্থতায় গোল হজম করে। প্রতি আক্রমণ থেকে রাকিবের পাসে গোল করেন রবসন রবিনহো। স্রোতের বিপরীতে গোল হজমের পর খেই হারিয়ে দিশেহারা আবাহনী। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও দুই গোল খায়। রাকিবের ক্রসে ডরিয়েলটন গোমেজ ব্যবধান বাড়ানোর পর সোহেলের আরেকটি ভুলের সুযোগে যোগ করা সময়ে গোল করেন বদলি নাম উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। তাতেই ৩-০ গোলের জয়ে ফেড কাপের ফাইনাল নিশ্চিত হয় কিংসের।

এদিকে একদিন পিছিয়েছে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের সূচী। ম্যাচটি আগামী ২১ মে হওয়ার কথা থাকলেও ঐদিন উপজেলা নির্বাচন হওয়ায় ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শ অনুযায়ী পরের দিন ২২ মে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত