চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রেজাউল করিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকের দায়িত্বে থাকা এই অধ্যাপক এর আগেও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব পদে ছিলেন।
গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। এর আগে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রফেসর মুস্তফা কামরুল আখতার গত ১৭ জানুয়ারিতে অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ।
কক্সবাজারের চকরিয়ার সন্তান প্রফেসর রেজাউল করিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ব্যাচে সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সিলেট এমসি কলেজে যোগ দিয়েছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই অধ্যাপক দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন।
