চাঁদাবাজি-টেন্ডারবাজি-জমিদখল সবই করত ওরা

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:৪০ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে 'মিজু গ্যাং'র ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাবের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবোনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ধারালো হাসুয়া ১৮টি, ধারালো তলোয়ার ৭টি, চাকু ২টি, কাটার হাতল ৩টি, চাইনিজ কুড়াল ১টি, সিমেন্টের ব্লক ৫৩টি, খেলনা পিস্তল ১টি, মোটরসাইকেল ৩টি, মোবাইল ১২টি উদ্ধার করা হয়। মঙ্গলবার র‌্যাব-৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরের খোজাপুর এলাকার আজিমুদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩০), একই এলাকার মৃত মুকুলের ছেলে মো. বকুল (৩৮), ডাসমারী পূর্বপাড়ার বাবুল হোসেনের ছেলে মো. ঈমান (২৪), আমজাদ হোসেনের ছেলে মো. শাকিব (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে মো. রবিন (২০), আসলাম আলীর ছেলে মো. রাব্বি (২৪), শমসের আলীর ছেলে আমান (২২), নাসির উদ্দিনের ছেলে বিজয় (১৭), আব্দুল খালেকের ছেলে মো. অনিক (২১)। তারা মতিয়া থানাধীন ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা। এ ছাড়া চর শ্যামপুরের মোতালেবের ছেলে ইয়ামিন আলী (২৮) ও চারঘাটের শিমুলিয়া এলাকার শাহজাহানের ছেলে বিপ্লব আলী (২২)।

র‌্যাব জানায়, আসামিরা মিজু গ্যাংয়ের সদস্য। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্নস্থানে চাঁদাবাজি, জমিদখল করত। এ ছাড়া কোনো ব্যক্তি জমি ক্রয়, বাড়ি নির্মাণসহ যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললে তাদের চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারত না। মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করত তারা। টেন্ডারবাজি ও সরকারি কাজে বাধা দান, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন টিম অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ২টি স্থান থেকে বিপুল পরিমাণ ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস সাংবাদিকদের জানান, মিজানুর থেকে মিজু গ্যাং। তারা টেলিগ্রামে মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান প্রদান করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমিদখল, ছিনতাই, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত