প্রায় দুইমাস ধরে মৌলভীবাজারে আইসিবি ইসলামী ব্যাংকে ক্যাশ টাকার সংকট রয়েছে। এতে বিপাকে পড়েছেন নানা শ্রেণি পেশার গ্রাহকরা। কেউ চিকিৎসার জন্য আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে গিয়েও ফিরছেন হতাশ হয়ে। ক্যাশ টাকা না থাকায় চাহিদানুযায়ী সেবা দিতে পারছেন ব্যাংক কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, এ ব্যাপারে তারা অসহায়।
মৌলভীবাজার শহরের কোর্ট রোডে অবস্থিত আইসিবি ইসলামী ব্যাংকে সরেজমিনে গিয়ে ও বিভিন্ন গ্রাহকদের সাথে আলাপ করে এসব তথ্য জানা যায়।
জানা যায়, প্রায় দুইমাস ধরে আইসিবি ব্যাংকে ক্যাশ টাকা উত্তোলনে এ ধরনের সমস্যা হচ্ছে। সর্বোচ্চ দশ হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না তারা। ফলে, যেসব গ্রাহকরা ব্যবসায়ীক বা অন্যান্য কাজের জন্য মোটা অঙ্কের টাকা তুলতে আসছেন তাদেরকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে। প্রতিদিন শতাধিক গ্রাহক ব্যাংকে টাকা তুলতে এসে ফিরে যান।
মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে ব্যাংকে থাকা নিজের টাকা তুলতে যান মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব। ৫৫ হাজার টাকা ক্যাশ তুলতে গেলে ব্যাংকের কর্মকর্তারা তাকে বলেন, এতো টাকা নেই। তাদের কাছে তিনি টাকা না থাকার কারণ জানতে চাইলে উত্তরে ব্যাংক কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে টাকা সংকট রয়েছে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দেওয়ার জন্য তাকে পরামর্শ দেন কর্মকর্তারা।
এর কয়েকদিন আগে হৃদরোগের রোগী ছমির মিয়া যান তার চিকিৎসা কাজের জন্য ব্যাংকে টাকা তুলতে। কিন্তু, ব্যাংক থেকে তাকে বলা হয় তিনি দশ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। একই ধরনের বিষ্ণু দেব নামের একজন গ্রাহক এ সমস্যার শিকার হয়েছেন। তিনি ১৬ লাখ টাকা উত্তোলন করতে এসেও তুলতে পারেননি। ব্যাংক কর্মকর্তারা তাকেও সর্বোচ্চ দশ হাজার টাকা তোলার জন্য বলেন।
আবু রায়হান নামের একজন শিক্ষার্থী জানান, তিনি তাদের পরিবারের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা তুলেছেন প্রতিদিন দশ হাজার টাকা করে। এতে তার অনেকদিন সময় লেগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানান, তার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কেনাকাটার জন্য টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু, ব্যাংক থেকে বলছে দশ হাজারের বেশি টাকা তিনি তুলতে পারবেননা।
জমির বিক্রির প্রায় ৫৬ লাখ টাকা কয়েকমাস আগে ব্যাংকে জমা রাখেন এক বৃদ্ধ। গত কয়েকদিন আগে ওই বৃদ্ধের ছেলে ২ লাখ টাকা চেক নিয়ে ব্যাংকে গেলে কর্মকর্তারা তাকে টাকা দিতে পারেননি। টাকা সংকট রয়েছে জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপক সুমন আহমদ বলেন, প্রায় দুইমাস ধরে আমাদের শাখায় ক্যাশ টাকার সংকট রয়েছে। এ কারণে চাহিদানুযায়ী গ্রাহকদের টাকা দিতে পারছি না। হেড অফিস থেকে আমাদের শাখায় টাকা না পাঠানোয় এ পরিস্থিতি দেখা দিয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।
সাবেক এমপি পোটনসহ ৫ জন কারাগারে
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি, বড় দুর্ঘটনার শঙ্কা
একসঙ্গে ৪ সন্তানের জন্ম, ৩ জনের মৃত্যু
লিচুর বিচি আটকে আ. লীগ নেতার মৃত্যু
গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 