একসঙ্গে ৪ সন্তানের জন্ম, ৩ জনের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:১৫ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় খুশি বেগম (৩০) নামে এক প্রসূতি চার সন্তান প্রসব করেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিন সন্তানের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক।

বুধবার (১৫ মে) সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি ছেলে ও ১টি মেয়ে সন্তান প্রসব করেন। পরে তিন সন্তানের মৃত্যু হয়। 

ওই প্রসূতি উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ী বেপারী পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ও তিনি গার্মেন্টস শ্রমিক। চার সন্তানকে গর্ভে নিয়েই তিনি গার্মেন্টসে কাজ করেছেন। সম্প্রতি তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। 

স্থানীয় ও প্রসুতির পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে তার প্রসব ব্যথা উঠলে স্বজনরা দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাদের সহযোগিতায় স্বাভাবিকভাবে ওই প্রসূতি চার সন্তান প্রসব করেন।

 
পরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার প্রসূতি মা ও নবজাতক শিশুদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে নবজাতকদের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (স্কেনো ওয়ার্ডে) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে ও দুই ছেলে মারা যায়। 

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো.মাহফুজুর রহমান সোহান বলেন, ইসলাপুর থেকে প্রসূতি মা ও চার নবজাতক শিশু হাসপাতালে আসেন। অপরিপক্ক নবজাতকদের শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন সন্তান মারা যায়। জীবিত একজনের অবস্থাও সঙ্কটাপন্ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত