গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নারী নির্যাতন, গ্রেফতার ৪

আপডেট : ১৫ মে ২০২৪, ১১:২০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মিথ্যা অভিযোগে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে উল্টো করে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর এ পর্যন্ত পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে। 

বুধবার (১৫ মে) রাতে চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্। এর আগে গত রোববার মধ্যরাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পচাঁরিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পচাঁরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ফছুর উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৮), একই গ্রামের আলিম উদ্দিনের স্ত্রী চামেলী বেগম (৪০), আমির উদ্দিনের ছেলে আব্দুল ছাত্তার (৫৫) ও ভুক্তভোগীর সাবেক স্বামী মোনারুল ইসলাম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পচাঁরিয়া দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলী, চামেলী বেগম, আব্দুস ছাত্তার, হারুন মিয়া, আইনুল ইসলাম ও দেলবর রহমানসহ সাতজন মিথ্যা অপবাদ দিয়ে ওই নারীকে ঘর থেকে টানা-হেঁচড়ে বের করেন। পরে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে উল্টো করে দুই হাত বেঁধে পেটান। এরপর তার মাথার চুলও কেটে দেয় তারা।

অভিযোগ করা হয়, বাক-প্রতিবন্ধী স্বামীর অনুপস্থিতে মধ্যরাতে ওই নারী ঘরে ঢুকেছে সাবেক স্বামী।

চামেলী বেগম বলেন, ওই নারী আমার সম্পর্কে জা হয়। সে ঘরের ভেতরে সাবেক স্বামীকে নিয়ে ঘুমাচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এ ঘটনাটি ঘটায়।

পুলিশ জানায়, গত রবিবার রাত ২টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে  বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ওসি শামসুল আলম শাহ্ বলেন, এ ঘটনায় অভিযুক্ত মুল আসামি মোনারুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত