গ্রিজমানের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদ

আপডেট : ১৬ মে ২০২৪, ১২:২২ পিএম

লা লিগায় বুধবার রাতে হ্যাটট্রিক করেছেন আন্তোইন গ্রিজমান। ফরাসি এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে আতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে গেতাফেকে। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগে খেলা নিশ্চিত হলো দলটির।

৩৬ ম্যাচে ৭৩ পয়েন্টে চারে আছে আতলেতিকো। বাকি থাকা দুই ম্যাচে হারলেও চারের মধ্যেই থাকবে ডিয়েগো সিমিওনের দল। এই নিয়ে টানা ১২মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করলো মাদ্রিদের ক্লাবটি। আতলেতিকোর জয়ের দিনে হেরেছে পাঁচ নম্বরে থাকা আথলেটিক বিলবাও। তাদের পয়েন্ট ৬২।

ম্যাচের ২৭, ৪২ ও ৫১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন গ্রিজমান। চলতি মৌসুমে লা লিগায় এটি গ্রিজমানের দ্বিতীয় হ্যাটট্রিক। গ্রিজমানের দ্বিতীয় গোলটি ভিএআর দেখার পর দেওয়া হয়। তার আগে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান।

গ্রিজমান এর আগে গেল অক্টোবরে হ্যাটট্রিক করেছিলে সেল্তা ভিগোর বিপক্ষে।

ম্যাচ শেষে গ্রিজমান বলেন, 'চ্যাম্পিয়নস লিগে অনেক বছর ধরেই যাচ্ছি আমরা। আমাদের দলে যে মানের খেলোয়াড়, কোচ আছেন আমাদের চ্যাম্পিয়নস লিগে খেলাটা নিশ্চিত করতেই হতো। সতীর্থদের ছাড়া আমি কিছুই না।'

এই মৌসুমে কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেয় আতলেতিকো আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হারে ডর্টমুন্ডের কাছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত