সিলেটে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৩৬ পিএম

সিলেটে ‘হিটস্ট্রোকে’ শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম (৩৫) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, শফিকুল ইসলাম ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে নগরীর শহীদ সামসুদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে কোতোয়ালি পুলিশ জানায়, ওই ব্যক্তি গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ যায়। পরে মৃতের ভাই জহিরুল ইসলামকে খবর দেওয়া হয়। স্বজনরা হাসপাতালে উপস্থিত হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, ওই ব্যক্তি প্রয়োজনীয় কাজে সিলেটে এসেছিলেন। তিনি ডিহাইড্রেশনে ভুগে ফুটপাতে পড়ে গেলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত