আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে তিন স্প্যানিশ পর্যটকসহ চারজন নিহত

  • স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত তিন ব্যক্তি স্পেনের নাগরিক
  • তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:০২ এএম

আফগানিস্তানের মধ্যাঞ্চলে বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে তিনজন স্প্যানিশ পর্যটক এবং একজন আফগান নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, শুক্রবারে বন্দুকধারীদের এ হামলায় চার বিদেশি নাগরিক এবং তিনজন আফগান আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিবৃতিতে কানি বলেন, তালেবান সরকার এই অপরাধের তীব্র নিন্দা এবং হামলায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এছাড়া সমস্ত অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তালেবান সরকার।"

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

পরবর্তীতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে, শুক্রবার বন্দুকধারীদের হামলায় নিহত তিন ব্যক্তি স্পেনের নাগরিক এবং আহতদের মধ্যে অন্তত একজন স্প্যানিশ নাগরিক রয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনজন স্প্যানিশ পর্যটক নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ ঘটনা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বামিয়ানের পার্বত্য অঞ্চল আফগানিস্তানের শীর্ষ পর্যটন স্থানের মধ্যে একটি। এ অঞ্চলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবেও ঘোষণা করেছে। ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন তালেবান সরকার এ অঞ্চলে থাকা দুটি বৌদ্ধ মন্দির উড়িয়ে দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত