ঝড়ে লন্ডভন্ড স্থাপনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা

আপডেট : ১৮ মে ২০২৪, ০২:০০ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালি ঝড় বয়ে গেছে। তাতে লন্ডভন্ড হয়ে গেছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের সকল স্থাপনা। যেখানে আগামী মঙ্গলবার থেকে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের। বাংলাদেশ দল হিউস্টনে পৌঁছেই পেয়েছে ঝড়-বৃষ্টির দেখা। তার আগের রাতে হওয়া প্রবল ঝড়ে স্থাপনা লণ্ডভণ্ড হয়ে যাওয়াতে সিরিজ নিয়ে জেগেছে শঙ্কা।

ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাংবাদিক পিটার ডেলা পেনা এসব তথ্য নিশ্চিত করেছেন। নিজের এক্স হ্যান্ডেল একাউন্টে একটি ছবিও পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট  কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।’

আগামী ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ। এই সিরিজের পর টেক্সাসেরই আরেক শহর ডালাসে গ্র্যান্ড প্রেইরি মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ কোনো কারণে ভেস্তে গেলে বা ম্যাচ সংখ্যা কমে গেলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি পড়তে পারে লাল সবুজ প্রতিনিধিদের।

১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নাজমুল হোসেন শান্তদের। আগামী ৮ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত