প্রতিপক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, অস্ত্র উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪০ পিএম

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণার পূর্বধলায় ককটেল বিস্ফোরণ ও দফায় দফায় নির্বাচনী কার্যালয় ভাঙচুরসহ কর্মীদের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় আনারস প্রতীকের প্রার্থীর আহত সমর্থক বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে স্থানীয় এমপি আহমদ হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংসদের পিএস আল আমিন হোসেনের ছেলে সাব্বির আহমেদের নাম উল্লেখ করে ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

পূর্বধলা বাজারে অস্ত্র মহড়ার অভিযোগে গতকাল শুক্রবার রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. খবিররুল আহসান তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি হাইয়েজ মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৬-১৫৮৮), দুটি মোটরসাইকেলসহ তাদের তিনজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৯টি রামদা, চাইনিসসহ দুটি কুড়াল, ১০টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আনারস প্রতীকের প্রার্থী মাছুদ আলম টিপুর অভিযোগ, স্থানীয় এমপি বিএনপির এক নেতা আসাদুজ্জামান নয়নের (দোয়াত কলম) প্রার্থীর সমর্থনে পেশি শক্তি ব্যবহার করছেন।

আজ শনিবার দুপুরে নির্বাচনের সহকারি রিটানিং অফিসার মো. খবিররুল আহসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি একদম শান্ত রয়েছে। ভাঙচুরের খবর পেয়েই আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ আটক করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত