জুজুৎসু খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে প্রশিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৪১ এএম

মার্শাল আর্ট জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন নবীন খেলোয়াড়দের ভালো সুযোগ ও বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালাতেন। এক ভুক্তভোগীর এমন অভিযোগে নিউটন ও তার সহযোগী এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-১২-এর একটি দল রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পরে গতকাল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, জুজুৎসু অ্যাসোসিয়েশনের এক নারী খেলোয়াড় নিউটনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিউটনের ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছেন। তিনি একজন জুজুৎসু খেলার প্রশিক্ষক। অ্যাসোসিয়েশনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। এক ভুক্তভোগী মামলা করলে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করেন। গ্রেপ্তারকৃত নিউটন ও তার সহযোগীকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত