বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগরের কমিটি গঠন

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৪২ এএম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত।’ সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান গোলাপ।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুস সোবহান গোলাপ।

বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন উর রশীদ সিআইপি বলেন, ‘গ্রামে-গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে।’ এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছেন, তাদের মূল স্রোতের সঙ্গে থাকারও আহ্বান জানান তিনি।

গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে ঢাকা মহানগর উত্তরে ইঞ্জিনিয়ার এ কে এম মজিবুর রহমান সভাপতি এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণে মো. মঞ্জুরুল ইসলাম বাহার সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ।

এ কে এম মজিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সারোয়ার আলম, অ্যাডভোকেট এফএম জাকির হোসেন, মো. আলমগীর হোসেন, সোহেল রানা ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত