কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজন নিহত হয়েছেন।
আজ রবিবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) ও ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা জিহাদ (২৭)।
বাহারছড়া তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা অংশে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আধিবাসী যুবকের মরদেহ তার নিজ বাড়িতে এবং পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত জাহিদের স্বজনরা বলেন, ১৬ মে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন তারা। ১৮ মে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু জাহিদ নববধূ নিয়ে আসায় অতিরিক্ত একদিন বেড়ানোর কথা বলে আজ রবিবার কক্সবাজারে থেকে গেল। এরইমধ্যে জাহিদ ও তার স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চলে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে আনা হলে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী গুরতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
