সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে হামজা!

আপডেট : ২০ মে ২০২৪, ১২:৫৩ এএম

ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। সম্প্রতি সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যুক্তরাজ্যে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা ও তার পরিবারও চাচ্ছে বাংলাদেশের হয়ে খেলতে। রবিবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আশা প্রকাশ করে বলেছেন, সব কিছু ঠিকঠাক ভাবে হলে আগামী সেপ্টেম্বরেই লাল-সবুজ জার্সিতে দেখা যাবে হামজাকে।

বাফুফে কেবল হামজা নন, মোহামেডানকে নেতৃত্ব দেওয়া মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে নিয়েও কাজ শুরু করেছে। টানা পাঁচ মৌসুম ধরে মোহামেডানে খেলছেন দিয়াবাতে। তাতে ফিফার শর্ত মেনে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। ইতিমধ্যে ফর্মে থাকা এই ফরোয়ার্ডের সঙ্গেও কথা হয়েছে বাফুফের।

হামজার বিষয়টা দিয়াবাতের চেয়ে সহজ দাবি করে ইমরান বলেছেন, ‘হামজার একটা সুবিধা হচ্ছে তার মা বাংলাদেশি। ফলে তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর দ্বৈত নাগরিকত্বের জন্য তার আবেদন করতে হবে। এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। আমরা ইতিমধ্যে সেই কাজও এগিয়ে রাখছি। আশা করছি আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’

এই দুজন ছাড়াও বাফুফের আগ্রহ আছে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডা রবসন রবিনহোকে নিয়ে।  ইমরান বলেন, ‘রবসনের ক্ষেত্রে আরও একটু সময় নিয়ে কাজ করতে হবে। কারণ আগামী মৌসুমে তার পাঁচ বছর পূর্ণ হবে। তখন তার ইচ্ছা থাকলে আমরা তাকে নিয়েও কাজ করব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত