বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।’ গতকাল রবিবার সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। পল্টন থানার মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এ বিবৃতি দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরনের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধপল্লী : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধপল্লী? রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্টেও বৈধ মানুষ যেতে চাইলে তাদের কোনো অসুবিধা হয় না। গতকাল দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সহায়তা প্রদান অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। গত ১৮ এপ্রিল ফরিদপুরের মধুখালীতে কালীমন্দিরে আগুনের ঘটনায় দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
