কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ দলে থাকা গোলকিপার হেরোনিমো রুলি ফিরেছেন দলে। স্কালোনির দলে চমক সেন্টার ব্যাক লিওনার্দো বালের্দি। তবে ঘোষিত দলে নেই পাওলো দিবালা। ধারণা করা হচ্ছে এই দল থেকে তিনজন বাদ দিয়ে কোপা আমেরিকার দল হবে আর্জেন্টিনার।
সেন্টার ব্যাক বালের্দি খেলেন ফ্রান্সের ক্লাব মার্শেইতে। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে মোট ৪২ ম্যাচ খেলেছেন তিনি। ২৫ বছর বয়সী বালের্দি এর আগে বদলি হিসেবে দুটি ম্যাচে মাত্র ১৫ মিনিট খেলেছেন জাতীয় দলের হয়ে। তাও ২০১৯ সালের সেপ্টেম্বরে। দীর্ঘ পাঁচ বছর পর তার জাতীয় দলে ফেরাটা চমকই।
কাধের ইনজুরি কাটিয়ে ২০২৩-২৪ মৌসুমে রুলি আয়াক্সের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। খেলেছেন মাত্র আট ম্যাচ, তাও ৩২ বছর বয়সী এই গোলকিপারের উপর ভরসা রাখছেন স্কালোনি।
চলতি মৌসুমে এএস রোমার হয়ে মোট ৩৮ ম্যাচ খেলেছেন দিবালা। করেছেন ১৬ গোল, ১০ অ্যাসিস্ট। গেল রবিবারও ক্লাবের হয়ে খেলেছেন। দিবালার ইনজুরি আছে এমন কোন তথ্যও নেই তবু ডাক পাননি স্কালোনির ঘোষিত দলে।
কোপা আমেরিকার আগে ৯ জুন ইকুয়েডর এবং ১৩ জুন গুয়েতেমালার বিপক্ষে খেলবেন মেসিরা।
আর্জেন্টিনা দল
গোলকিপার : এমি মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, রুলি।
ডিফেন্ডার : মন্তিয়েল, মোলিনা, বালের্দি, রোমেরো, পাজ্জেলা, লুকাস মার্তিনেজ, ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো, মার্কাস আকুনা, ভ্যালেন্তিন।
মিডফিল্ডার : গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার, ডি পল, পালাসিওস, এনজো ফার্নান্দেজ, লো সেলসো।
ফরোয়ার্ড : ডি মারিয়া, লিওনেল মেসি, ভ্যালেন্তিন কারবোনি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকো গঞ্জালেস, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ।
