এবারের আইপিএলের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন চেন্নাইয়ের অধিনায়কত্বের পর এই মৌসুমে খেলোয়াড় হিসেবেই খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও মাঠে তিনি ছিলেন তৎপর।
আইপিএল থেকে চেন্নাইয়ের বিদায়ের পর এখন একটাই প্রশ্ন, ধোনিকে আর দেখা যাবে তো? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ রানে হেরেছে চেন্নাই। অনেকের মতে আইপিএলে এটাই হয়তো ৪২ বছর বয়সী ধোনির শেষ ম্যাচ।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইপিএলে এটি ধোনির শেষ ম্যাচ নাও হতে পারে!
টাইমস অব ইন্ডিয়াকে সূত্র বলেছে, ‘ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি, তার এটাই শেষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সে কয়েক মাস অপেক্ষা করবে বলে জানিয়েছে ম্যানেজমেন্টকে।’
চেন্নাই আশা করছে, তাদের ঘরের মাঠে চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলবেন ধোনি। ফিটনেস এখনো ভালোই আছে ভারতের সাবেক এই অধিনায়কের।
আগামী বছর আইপিএলের নিলামে দলগুলোকে পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া হতে পারে। পাঁচজনের মধ্যে ধোনিকে ধরে রাখবে চেন্নাই এমনটি ধারণা করা হচ্ছে।
