রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের পৃথক তিনটি স্থানে তাদের কুপিয়ে জখম করা হয়।
আহতদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের দুই সমর্থক ও এহসানুল হাকিম সাধনের এক সমর্থক রয়েছেন।
আহতরা হলেন— বালিয়াকান্দি উপজেলার নবারপুর ইউনিয়নের মতিন বিশ্বাস (৪০), ভুট্টো শেখ (৫০) ও হাসান খান (২৫)। তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসান খানকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, সকালে হাসান খান নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে আরও দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ৩ জন আহত হয়েছেন। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয়েছে।
