বাঙালি নির্মাতার কাছে কাজ চাইলেন অমিতাভ বচ্চন!

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:১৪ পিএম

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘গোত্র’ ছবিটি দেখার পরে জয়া বচ্চন পরিচালককে মুম্বাই যাওয়ার আমন্ত্রণ জানান। সেখানে হিন্দি ভাষায় ‘গোত্র’ ছবি তৈরির প্রসঙ্গে আলোচনা হয়। অনুসূয়া মজুমদার অভিনীত ‘মুক্তিদেবী’র চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এই প্রসঙ্গে শিবপ্রসাদ বললেন, “ইতিমধ্যেই সব কথা হয়ে গেছে। কবে চূড়ান্ত করা হবে, তা বিস্তারিত জানি না। চিত্রনাট্যে একটা জায়গায় কিছুটা বদল আনতে চান তারা। আপাতত সেটা নিয়েই কথাবার্তা চলছে।”

এই বাঙালি নির্মাতা যখন মুম্বাইয়ে বচ্চনদের অফিসে গেলেন তখন উইং কমান্ডার রমেশ আলাপ করিয়ে দিলেন অমিতাভের সঙ্গে। পরিচালক বললেন, “খুবই বিনয়ী তিনি। নিজে থেকেই হাত মেলালেন। তার পরে বললেন, ‘আমি অমিতাভ বচ্চন’।“ তবে চমক এখানেই শেষ হয়নি। শিবপ্রসাদ জানালেন, অমিতাভের পরের কথাটি আরও তাক লাগিয়ে দিয়েছিল তাকে। বলি অভিনেতা তাকে বলেছিলেন, “আমার জন্য কোনও চরিত্র থাকলে জানাবেন।”

উত্তরে স্তম্ভিত হয়ে তাকিয়ে ছিলেন পরিচালক। এর পরে এটুকুই বলেছিলেন, “হ্যাঁ স্যার, নিশ্চয়।” তিনি জানালেন, যে কোনও সময় যোগসূত্র তৈরি হতে পারে। তার কথায়, “দেখি, কবে বাস্তবায়িত করতে পারি। চিত্রনাট্য তো উপরওয়ালা লেখেন।”

এই নির্মাতার ‘বেলাশেষে’ ছবিটি দেখার পরে টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। কাজেই এটা স্পষ্ট যে, ব্যক্তিগত পরিচয় না থাকলেও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাজ সম্পর্কে অবগত তিনি। “আমার কাছে অত্যন্ত গর্বের, স্বপ্নের মতো,” অভিজ্ঞতার বিষয়ে মুগ্ধতার সুর পরিচালকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত