ডেথ ওভারে পেসারদের ব্যর্থতাকে দায়ী করলেন শান্ত

আপডেট : ২২ মে ২০২৪, ০১:৪৬ এএম

শেষ ২৪ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৫৫ রান। তখনও শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের তিন ওভার বাকি। শক্তিমত্তার কারণে নিশ্চিতভাবেই এগিয়ে ছিল বাংলাদেশ। তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের দারুণ ব্যাটিংয়ে বদলে গেল সব। দলের সেরা দুই বোলার শেষ পর্যন্ত সেই তিন ওভারে দিলেন ৪৬ রান। যুক্তরাষ্ট্রের জয় তখন প্রায় নিশ্চিতই।

৩ ওভারে ১৬ রান দেয়া সাকিব আল হাসানের পরবর্তে শেষ ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। প্রথম বলে ছক্কা মারার পর বাকি ৩ রান করতে যুক্তরাষ্ট্র সময় নিয়েছে দুই বল। যুক্তরাষ্ট্রের কাছে এমন হারের পর ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ করেছেন শান্ত।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। শেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।’

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২০ রানের আক্ষেপ করেছেন বাংলাদেশের অধিনায়, 'আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো করেছিলাম কিন্তু মাঝের দিকে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। আমার মনে হয় আমরা আরও ২০ রান করতে পারতাম। তখন এটা বলার মতো একটা স্কোর হতো।’

হৃদয় ও মাহমুদউল্লাহ ছাড়া সবশেষ কয়েকমাস ধরেই ধুঁকছেন বাংলাদেশের ব্যাটাররা। ভালো উইকেটে না খেলার জন্য এমনটা হচ্ছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তাই ব্যাটাররা ধুঁকছে। কিন্তু সবকিছুই আসলে মানসিকতার ব্যাপার। আমি আশা করছি ব্যাটাররা ছন্দে ফিরবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত