বৌদ্ধবিহার পরিদর্শন শেষে আইজিপি

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন

আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:০০ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সব ধর্মের মেলবন্ধনে দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ নিরাপদে নির্ভীকচিত্তে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করতে পারে। সব ধর্মের মানুষের মেলবন্ধনে এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বৌদ্ধবিহারে পৌঁছলে বৌদ্ধ ধর্মীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। তিনি কেক কেটে সবার সঙ্গে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন। বৌদ্ধ ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, এ উৎসবের দিনে আপনাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আমরা এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই আজ (বুধবার) বৌদ্ধ ধর্মাবলম্বী সবার সঙ্গে তাদের উৎসবে মিলিত হতে আমরা এখানে এসেছি।

তিনি আরও বলেন, এ উৎসব পালনে প্রতি বছরের মতো সারা দেশে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। যেকোনো সময়ের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারছেন। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত