নেত্রকোনার সাবেক এমপি মানু মজুমদার  মারা গেছেন

আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:০০ এএম

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মানু মজুমদার (৬৪) মারা গেছেন। গত মঙ্গলবার রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মানু মজুমদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানু মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন। তিনি জানান, গত শনিবার স্ট্রোক করার পর মানু মজুমদার দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতে নেওয়া হয়।

মানু মজুমদারের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরে তিনি ওই এলাকার ভোটার হন এবং কলমাকন্দার রংচাতি ইউনিয়নের পাচগাঁও রামনাথপুরে বাড়ি নির্মাণ করেন। নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি ছবি বিশ্বাসের শ্যালক মানু মজুমদার। তিনি ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন।

মানু মজুমদারের মৃত্যুতে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও দুর্গাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত