টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নবম দল বাংলাদেশকে সিরিজে হারিয়েছে ১৯তম দল যুক্তরাষ্ট্র। এই সিরিজ জয় বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে। যদিও যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এখনই ওসব প্রেরণা নেওয়ার দিকে যাচ্ছেন না।
তার লক্ষ্য সিরিজের সব ম্যাচই জেতা। তাহলে টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভালো করার আসল প্রেরণাটা পাবে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র অধিনায়কের কথা শুনেই বোঝা গেছে, অল্পতে তুষ্ট হওয়ার মানুষ মোনাঙ্ক নন। তার চোখ আরও দূরে। সে জন্য টেস্ট খেলুড়ে কোনো দলকে এক–দুই ম্যাচেই নন, তিন ম্যাচের সিরিজের শেষটাও জিততে চান তিনি।
মোনাঙ্ক বলেছেন, ‘আমরা যদি (শনিবার) জিততে পারি, প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারব। এটা অবশ্যই আমাদের সাহায্য করবে।’
বোলারদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমাদের বোলাররা খুব ভালো করেছে। আমরা লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেছি। ছেলেদের জন্য সত্যিই গর্ব হচ্ছে। পাওয়ারপ্লে এবং শেষ পাঁচ ওভারে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমরা কন্ডিশনটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং তারা (বোলার) সঠিক সময়ে উইকেট এনে দিয়েছে।’
