ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত খুলনার ৬০৪ আশ্রয়কেন্দ্র

আপডেট : ২৫ মে ২০২৪, ০৪:০৯ পিএম

উপকূলীয় জেলা খুলনায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা। এ ছাড়া প্রস্তত রয়েছে পাঁচ সহস্রাধিক স্বেচ্ছাসেবকও। আশ্রয় কেদ্রেগুলোতে অন্তত ৩ লাখ ১৫ হাজার মানুষ থাকতে পারবে।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৬০৪টি সাইক্লোন শেল্টারে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া ৩টি মুজিব কিল্লায় ৪৩০ জন মানুষ ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে। এ ছাড়া উপকূলীয় উপজেলা কয়রা, দাকোপ ও পাইকগাছায় ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রয়েছে।

খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ দেশ রূপান্তরকে বলেন, সতর্ক থাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্যও বলা হয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় সতর্কতায় মাইকিং করা শুরু হয়েছে। শুকনো খাবার, ওষুধ, ঢেউটিন ও নগদ টাকা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত