শেষ ১৩ মিনিটের কর্নেলিয়াস তাণ্ডবে জয় আবাহনীর

আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:৪৬ পিএম

খেলার ৭৯ মিনিট পর্যন্ত এগিয়েছিল চট্টগ্রাম আবাহনী। তখন পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে তারা সময় গুনছিল জয়ের উদযাপন করার। কিন্তু ঢাকা আবাহনী নাটকটা জমিয়ে রেখেছিল শেষ মুহূর্তের জন্য। একাই কর্নেলিয়াস স্টুয়ার্ট ঘাম ঝরিয়ে দেন বন্দর নগরের আবাহনীর। তাতে নিশ্চিত জয় কেড়ে নিয়ে মাঠ ছাড়ে ঢাকার আবাহনী।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচটি ৩-২ গোলে জিতে নিয়েছে ধানমন্ডির আবাহনী। খেলার ২০ মিনিটেই মান্নাফ রাব্বির গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ইমরান হাসান রিমনের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল আদায় করতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। তাতে প্রথমার্ধ পর্যন্ত লিড ধরে রাখে বন্দরনগরের আবাহনীরাই।

৬৭ মিনিটে রায়হান হাসানের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন ব্যবধান দ্বিগুণ করেন রিয়াজ সাগর। তাতেই জয়ের দিকে এগোচ্ছিল বন্দরনগরের ক্লাবটি। কিন্তু নাটকীয়তাটা শেষ মুহূর্তের জন্য জমিয়ে রেখেছিলেন রাজধানীর আবাহনীর ফুটবলাররা। শেষ ১৩ মিনিটের তাণ্ডবে ম্যাচটা নিজেদের করে নেন তারা। কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে চট্টগ্রামের হাত থেকে জয়টা ছিনিয়ে নিয়ে আসে ঢাকা।

৮০ মিনিটে একটা পেনাল্টি পায় ঢাকা আবাহনী। আর তাতেই খুলে যায় তাদের ভাগ্যের দরজা। কর্নেলিয়াস সেখান থেকে প্রথম গোলটি আদায় করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিল্লাদ শেখের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান কর্নেলিয়াস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জামাল ভূঁইয়ার পাস থেকে জয়সূচক গোলটি করেন কর্নেলিয়াস। সঙ্গে পূর্ণ করেন হ্যাটট্রিক। তাতে হেরে যেতে বসা ম্যাচটিতে শেষ মুহূর্তে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

১৭ ম্যাচে মোহামেডানের সমান ৩২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার তিনে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দিয়াবাতেরা তালিকার দ্বিতীয়তে। ১৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তমে অবস্থান চট্টগ্রাম আবাহনীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত