গায়ে হলুদের পর বরের মৃত্যু, বসা হলো না বিয়ের পিঁড়িতে

আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:৪৭ পিএম

বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর নদীতে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে বরের। গতকাল শুক্রবার (২৪ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুর জেলার কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে। সে স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক। আজ শনিবার (২৫ মে) দুপুরে মিরাজুল ইসলাম আরিফের লাশটি ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

জানা যায়, দুঃসম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ গতকাল বৃহস্পতিবার রাতে উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরে বেলা ১২টার দিকে তার দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যায় আরিফ। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে নিখোঁজ হয় বর আরিফ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদের জানান, স্কয়ার টেক্সটাইলের গাড়ি চালক মিরাজুল ইসলাম আরিফ নদীতে ডুবে মারা যায়। নিখোঁজের একদিন পর তার মরাদেহটি সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত