যশোর জিলা স্কুলে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক ছাত্র আহত হয়েছে। আহত মোবাশ্বের রহমান (১৫) বিদ্যালয়ের দিবা শাখার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার ক্রমিক সংখ্যা ১। শনিবার সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।
আহত মোবাশ্বের শহরের ষষ্টিতলাপাড়ার মিজানুর রহমানের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন জানান, দশম শ্রেণির প্র্যাকনির্বাচনী পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালীন সময় আকস্মিক একটি ফ্যান ওপর থেকে নিচে খুলে পড়ে। এতে একজন ছাত্র জখম হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়।
আহত ছাত্রের মা জলি আফরোজ জানান, খবর পেয়ে তিনি জিলা স্কুলের পাশে স্কুল ক্লিনিকে গিয়ে তার ছেলেকে মাথায় ব্যন্ডেজ বাঁধা অবস্থায় দেখেন। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে জরুরি বিভাগে তার মাথায় সেলাই দেওয়া হয়। এরপর তাকে বাসায় নেওয়া হয়েছে।
জলি আফরোজসহ অপর একজন অভিভাবক অভিযোগ করেন, জিলা স্কুলে আজও পুরনো ভবনে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। এ জন্য বিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করেন তারা।
