গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভূমিধসের কবলে পরে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনি। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসে কয়েকশ ঘরবাড়ি চাপা পড়ে।
তখন জানা যায় ব্যাপক এই ভূমিধসে ১ হাজার ১০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে।
ভয়াবহ এই ভূমিধসের কারণে মাটির নিচে প্রায় ৬৭০ জনের মত মানুষ চাপা পড়েছে বলে অনুমান করছে জাতিসংঘ। রোববার জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা বলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাপুয়া নিউ গিনির আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান সেরহান আক্তোপ্রাক বলেন, ‘পাপুয়া নিউগিনির এনগা প্রদেশে বৃহস্পতিবারের ভূমিধসের ক্ষয়ক্ষতি বা প্রভাব প্রাথমিকভাবে যা ধারণা করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি।‘
রাজ্যটিতে ভূমিধসে আনুমানিক ১৫০টিরও বেশি ঘর মাটির সাথে মিশে গেছে বলেও জানান তিনি। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বেশিরভাগই এনগা রাজ্যের উচ্চভূমিতে অবস্থিত ছিল।
এদিকে উদ্ধারকাজে চিকিৎসা দল, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গ্রামগুলোর সাথে সংযোগকারী রাস্তাও অনেকখানি ধসে পড়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
এদিকে এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে ধসে পড়া স্থান থেকে।
