জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবারের দাম নির্ধারণ করাসহ চার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। রবিবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়কের পাশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের বাকি দাবিগুলো হলো- স্বাস্থ্যকর এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য সরবরাহের জন্য খাবারের মান বৃদ্ধি করতে হবে। বিকেলের নাস্তার ব্যবস্থা করা, ক্যাফেটেরিয়ার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বোপরি শিক্ষার্থীবান্ধব ক্যাফেটেরিয়া গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী এবং আবৃত্তি সংগঠন ধ্বনির সহ-সভাপতি ফাইজা মেহজাবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুমাইয়া জাহান।
তিনি বলেন, ‘আজ থেকে পাঁচবছর আগেও সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা সুলভ মূল্যে পাওয়া যেত। ক্যাফেটেরিয়ার খাবারের দাম এবং মান নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যথা নেই। সকাল ও দুপুরের খাবারের মান খুবই আশংকাজনক। আমাদের দাবি খাবারের সুলভ দাম নির্ধারণ করার পাশাপাশি মান বৃদ্ধি করতে হবে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, ‘আমাদের সাংস্কৃতিক কর্মীদের কাছে ক্যাফেটেরিয়া একটা আশ্রয়ের জায়গা। খাবারের দামের ঊর্ধ্বগতি শিক্ষার্থীর নাগালের বাইরে চলে গেছে। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নিয়ে প্রশাসন উদাসীন। সাধারণ শিক্ষার্থীদের সুলভমূল্যে খাবার নিশ্চিত করতে হবে। প্রশাসনের কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে শিক্ষার্থীদের বিপদে ফেলছে।’
