রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তের ওপর কোনো আদেশ দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা আপিল বিভাগে আবেদন করেছিলেন।
আজ রবিবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ বিষয়ে আদেশ না দিয়ে আবেদনকারীদের নিয়মিত আপিল করতে আদেশ দেন। গত ২১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে রায় দেয়। একই সঙ্গে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় আদালত। এ রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন এ শিক্ষার্থীর অভিভাবকেরা। আদালতে অভিভাবকদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অপরপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।
অ্যাডভোকেট শামীম সরদার দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত নো অর্ডার দিয়েছেন। ফলে হাইকোর্টের রায় আপাতত বহাল রয়েছে। ওই পক্ষকে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।’
আইনজীবীদের তথ্য মতে, গত বছর ১৯ ডিসেম্বর স্কুল কতৃর্পক্ষের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত যাদের জন্মগ্রহণ করেছে তারাই শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। তবে, ফলাফলে দেখা যায়, ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া শিশুদেরকেও ভর্তি করে স্কুল কতৃর্পক্ষ। ভর্তির এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ও এর বৈধতা চ্যালেঞ্জ করে ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ২৩ জানুয়ারি হাইকোর্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অভিভাবকদের আবেদন নিস্পত্তিসহ ভর্তির বৈধতা প্রশ্নে রুল দেয়। এর ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি মাউশি এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে ভিকারুননেসাকে নির্দেশনার সিদ্ধান্তের কথা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দেয়। এরপর ৬ মার্চ স্কুল কতৃর্পক্ষ ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর হাইকোর্ট এসব খালি আসনে অপেক্ষমানদের থেকে ভর্তি নিয়ে পূরণ করতে আদেশ দেয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ভর্তি বাতিল হওয়া অভিভাবকেরা। গত ২০ মার্চ আপিল বিভাগ অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা দিয়ে ১৬৯ শিক্ষার্থীর ভর্তির বৈধতা প্রশ্নে দেওয়া রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি করেতে নির্দেশ দেয়।
